মীর মুগ্ধ হত্যা মামলায় ডিসচার্জ আবেদন শুনানি আজ, অভিযোগ গঠনের তারিখ হতে পারে নির্ধারণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের ডিসচার্জ (অব্যাহতি) চেয়ে করা আবেদনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে আসামিপক্ষের সব আইনজীবীর বক্তব্য শেষ না হওয়ায় শুনানি অসমাপ্ত রেখে আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশ দেওয়ার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন।
মামলায় মোট ২৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।
এ ছাড়া মামলার বাকি ১৮ আসামি এখনও পলাতক রয়েছেন।