রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমজাতীয়রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

favicon
ভোরের আলো ডেস্ক:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


তিনি জাতীয় সংসদ সচিবালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন।


সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘটনা। তিনি জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে তিনি একাধিক রোগে ভুগছেন ও মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এ কারণে আলাদা কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।


হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির পদত্যাগের ফলে এ বিষয়ে বিদ্যমান সব ধরনের বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হবে এবং দেশের রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।


তিনি আরও বলেন, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও মো. সাহাবুদ্দিন বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সম্মান ও সমর্থন প্রকাশ করেছেন বলে তার বিশ্বাস।


সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, শারীরিক অসামর্থ্য বা অভিশংসনের মাধ্যমে পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর নয় মাস আগেই তিনি পদত্যাগ করলেন।