ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর তারা জেনেছেন। এ ঘটনায় আন্দোলনকারী ছাত্র-তরুণদের তিনি সাধুবাদ ও আন্তরিক অভিনন্দন জানান। তার ভাষ্য, বিভিন্ন দেশে তরুণদের জাগরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা তিনি ‘জুলাই বিপ্লবের ধারাবাহিকতা’ হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সরকার এখন জনগণের শক্তিকে গুরুত্ব দিতে শুরু করেছে। তবে বাংলাদেশের বর্তমান সরকার জনগণের রায় ও তরুণদের প্রত্যাশার প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলামের দাবি, জনগণের রায়কে উপেক্ষা করা হলে তার রাজনৈতিক পরিণতি সংশ্লিষ্ট দলকে বহন করতে হবে।
সংস্কার প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার ও সংশোধন নিয়ে বিতর্কের অবসান হয়েছে। তার দাবি, বিএনপি একসময় গণভোট ও সংস্কারের পক্ষে সম্মতি দিয়েছিল এবং দলটির ৩১ দফাতেও সংস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে। তাই এখন সংস্কার নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণকে তিনি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।