বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে না উঠে স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালিত হবে। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আবাসন হিসেবে স্পিকারের সরকারি বাসভবনই ব্যবহার করা হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্পিকারের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। সাংবিধানিক বিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।