আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, গুলশানের বাসায় উঠছেন
পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ রোববার (২৬ জুলাই) তিনি সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসায় উঠবেন।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
পদত্যাগের পর মো. সাহাবুদ্দিন কোথায় থাকবেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলশানে তার নিজস্ব ফ্ল্যাটে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি তার নতুন বাসভবনে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে পিজিআর-এসএসএফের তত্ত্বাবধানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে তিনি নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতির দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন।