রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমজাতীয়ঢাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহে ভ্যান ফি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহে ভ্যান ফি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহে ভ্যান ফি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।


রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।


রিট আবেদনে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘ময়লা টানেন তারা, পকেটে ভরেন নেতারা’ শিরোনামের একটি প্রতিবেদনও রয়েছে।


রিটের বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বর্জ্য অপসারণ ও সংশ্লিষ্ট সেবার জন্য ইতোমধ্যে কর আদায় করে থাকে। তাই একই সেবার জন্য ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে প্রতি মাসে আলাদা ফি নেওয়া আইনসম্মত নয় বলে তিনি দাবি করেন।


তিনি জানান, এই কারণেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হবে।


আইনজীবী আরও জানান, এর আগে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করা হয়েছিল। পরে স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশও পাঠানো হয়। সেসব উদ্যোগে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।