হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ৯৫ জন। ফলে উপসর্গ ও নিশ্চিত—উভয় শ্রেণি মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০।
স্বাস্থ্য অধিদফতর হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।