শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।
মামলার তথ্যমতে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর সংশ্লিষ্ট থানায় হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা করেন। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার পর র্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে।
পরে আদালতে সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।