আত্মহত্যার চেষ্টা মামলায়ও আইনি জটিলতায় প্রিন্স মামুন, গ্রেপ্তার দেখানোর আবেদন
এক কোটি টাকা যৌতুক দাবি ও দ্বিতীয় স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনাকে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, এবার আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় নতুন আইনি জটিলতায় পড়েছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ।
আগামী ২৯ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহারে বাদী আতিকিয়া ফাইজাহ মোহনা উল্লেখ করেন, গত ২৪ জুলাই রাত প্রায় ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকার বাসায় অবস্থানকালে প্রিন্স মামুন ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, তিনি শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মোহনারের ব্যবহৃত শাড়ি বেঁধে আত্মহত্যার ইঙ্গিত দেন এবং এ ঘটনার জন্য মোহনা ও তার পরিবারকে দায়ী করেন।
লাইভটি দেখে মোহনা, তার মা, স্বজন এবং প্রিন্স মামুনের বাবা-মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পুলিশি সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মোহনা ভাটারা থানায় দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে একটি পৃথক মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমানে কারাগারে থাকা প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে তদন্তকারী পুলিশ।
এর আগে, গত ২৪ জুলাই এক কোটি টাকা যৌতুক দাবি এবং যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রিন্স মামুনের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা করেন মোহনা। ওই মামলায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।