বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমবিনোদনশিক্ষার্থী আন্দোলন নিয়ে পোস্টের জেরে সমালোচনায় পার্ল মানি, দুই দিনে হারালেন ৩ লাখের বেশি অনুসারী

শিক্ষার্থী আন্দোলন নিয়ে পোস্টের জেরে সমালোচনায় পার্ল মানি, দুই দিনে হারালেন ৩ লাখের বেশি অনুসারী

favicon
ভোরের আলো ডেস্ক:
শিক্ষার্থী আন্দোলন নিয়ে পোস্টের জেরে সমালোচনায় পার্ল মানি, দুই দিনে হারালেন ৩ লাখের বেশি অনুসারী

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মালয়ালম অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর পার্ল মানি। বিতর্কের প্রভাব পড়েছে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমেও। মাত্র দুই দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে তিন লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস* জানিয়েছে, একই সময়ে ফেসবুক ও ইউটিউবেও পার্ল মানির অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।


গত ২৪ জুলাই শিক্ষার্থী আন্দোলন নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করেন পার্ল। সে সময় তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ২৭ লাখ। তবে ২৬ জুলাই সেই সংখ্যা কমে প্রায় ২৪ লাখে নেমে আসে।


পোস্টটি প্রকাশের পর সমালোচনা বাড়তে থাকলে তিনি মন্তব্য করার সুবিধা (কমেন্ট) বন্ধ করে দেন। এরপরও তাঁর অন্যান্য পোস্টে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করতে থাকেন অনেক ব্যবহারকারী।


একজন মন্তব্য করেন, “আপনি চাপের বাস্তবতা বোঝেন না। কারণ, আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আমরা প্রতিটি সুযোগ, প্রতিটি নম্বর এবং একটি ভালো ভবিষ্যতের জন্য সংগ্রাম করি।”


আরেকজন লেখেন, “মন্তব্যের সুযোগ বন্ধ না করে পোস্টটিই মুছে ফেলুন। মতপ্রকাশের স্বাধীনতার কথা বললেও সমালোচনার মুখোমুখি হতে চাইছেন না কেন?”


নিজের পোস্টে পার্ল মানি শিক্ষার্থী আন্দোলনের পরিস্থিতিকে “বেদনাদায়ক” ও “হৃদয়বিদারক” হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “আমার শুধু একটাই অনুরোধ—দয়া করে কেউ আহত হয়ো না, সবাই নিরাপদে থাকো।”