সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমখেলাপর্তুগালের জার্সিতে রোনালদোর অধ্যায় কি শেষের পথে? নতুন কোচকে ঘিরে জোর আলোচনা

পর্তুগালের জার্সিতে রোনালদোর অধ্যায় কি শেষের পথে? নতুন কোচকে ঘিরে জোর আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
পর্তুগালের জার্সিতে রোনালদোর অধ্যায় কি শেষের পথে? নতুন কোচকে ঘিরে জোর আলোচনা

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত দুটি নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও পর্তুগাল দলে রোনালদোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েইরা।


স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম *মার্কা*র এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের নতুন প্রধান কোচ জর্জ জেসুসের অধীনে রোনালদো নিয়মিত শুরুর একাদশে জায়গা পাবেন—এমন নিশ্চয়তা নেই বলে মনে করেন ভিয়েইরা।


পর্তুগালের রেডিও স্টেশন অ্যান্টেনা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রোনালদো এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। তিনি কিছু ম্যাচে শুরু থেকে খেলবেন, আবার কিছু ম্যাচে বেঞ্চেও থাকতে পারেন।”


তবে এই পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবেন জর্জ জেসুস বলেও বিশ্বাস তার। ভিয়েইরার মতে, রোনালদো ও জেসুসের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, যা জাতীয় দলের পরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


দায়িত্ব নেওয়ার পর জর্জ জেসুসও ইঙ্গিত দিয়েছেন, তিনি জাতীয় দলে তাৎক্ষণিক বড় ধরনের পরিবর্তন আনতে চান না। রোনালদো যতদিন শারীরিকভাবে ফিট থাকবেন এবং দলের জন্য অবদান রাখার সক্ষমতা বজায় রাখবেন, ততদিন তাকে জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে।


চার বছরের দায়িত্ব শুরু করা জেসুসের জন্য ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ভিয়েইরা। কারণ, পর্তুগালের সামনে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ম্যাচ থাকায় পরীক্ষানিরীক্ষার সুযোগ খুবই সীমিত।


সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, রোনালদো এখনও পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন। তবে আগামী বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তার ভূমিকা ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে।


উল্লেখ্য, জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে একসঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা জাতীয় দলেও তাদের পারস্পরিক বোঝাপড়াকে আরও শক্তিশালী করতে পারে।