নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মাঠে নেমে উপভোগ করলেন খেলা
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন।
স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে ভিআইপি বক্সে না থেকে মাঠে নেমে তিনি চলমান খেলা উপভোগ করেন।
সমাপনী অনুষ্ঠানে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন, যেখানে রাজশাহী ও রংপুর অঞ্চল মুখোমুখি হয়।
খেলা শেষে তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালও উপভোগ করবেন। এছাড়া অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং প্রতিযোগিতার থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।