বুধবার , ২৯ জুলাই ২০২৬
বুধবার , ২৯ জুলাই ২০২৬
হোমআইন ও আদালতআসামে বন্যা পরিস্থিতির উন্নতি, তবু ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

আসামে বন্যা পরিস্থিতির উন্নতি, তবু ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
আসামে বন্যা পরিস্থিতির উন্নতি, তবু ক্ষতিগ্রস্ত ৫ লাখের বেশি মানুষ

ভারতের আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পাঁচ লাখের বেশি মানুষ এর প্রভাব মোকাবিলা করছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বন্যায় এখন পর্যন্ত মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় পরিস্থিতির কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে।


এএসডিএমএর তথ্য অনুযায়ী, শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও, জোরহাট, নগাঁও এবং কামরূপ (মেট্রোপলিটন) জেলায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব এলাকায় বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চড়াইদেও জেলা, যেখানে ১ লাখ ৮৮ হাজার ৪০৪ জন মানুষ বন্যাকবলিত। এছাড়া শিবসাগরে ১ লাখ ৪৪ হাজার ৪৬১ জন এবং জোরহাটে ৭৪ হাজার ৪৫৮ জন বন্যার কারণে দুর্ভোগে রয়েছেন।


বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রশাসনের উদ্যোগে প্রায় ৯০টি ত্রাণ শিবির চালু রয়েছে। বর্তমানে ২৮ হাজার ৬৯৫ জন বাস্তুচ্যুত মানুষ এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।


পাশাপাশি দুর্গত এলাকায় প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে ৯৪টি ত্রাণ বিতরণকেন্দ্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।