রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন, শিগগিরই তফসিল ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে শিগগিরই গেজেট আকারে তফসিল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের ভোটার তালিকা চাওয়া হয়েছে।
এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সিইসি ও ভারপ্রাপ্ত স্পিকারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ করার নিয়ম রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হয়। এ কারণে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।