মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমজাতীয়শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতে দিলেন নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতে দিলেন নির্দেশনা

favicon
সাইফুল আলম মিরাজ
শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতে দিলেন নির্দেশনা

প্রধানমন্ত্রী **তারেক রহমান** দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা তুলে ধরা হয়। উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের ধারাবাহিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহি জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।


এ সময় মাঠপর্যায়ে কর্মরত শিক্ষা কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শকে যথাযথ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।


পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।