বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়সরকারি কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি: দেশবাসীকে পুলিশের জরুরি সতর্কতা

সরকারি কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি: দেশবাসীকে পুলিশের জরুরি সতর্কতা

favicon
সাইফুল আলম মিরাজ
সরকারি কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি: দেশবাসীকে পুলিশের জরুরি সতর্কতা

পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের তদবিরও করা হচ্ছে।


পুলিশের ভাষ্য, এসব প্রতারণার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।


সতর্কবার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে মানেই ওই আইডি বা মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট কর্মকর্তার—এমনটি ধরে নেওয়া উচিত নয়। তাই এ ধরনের বার্তা বা অর্থের অনুরোধে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।


কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টার কিংবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।


বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।