টিআইবির ট্রাস্টি বোর্ডে নতুন সদস্য অধ্যাপক সেলিম রায়হান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। ট্রাস্টি বোর্ড সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
মঙ্গলবার অনুষ্ঠিত টিআইবির ১২৮তম ট্রাস্টি বোর্ড সভায় তাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন বছর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সেলিম রায়হান। বর্তমানে তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক এবং গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির অ্যালামনাই।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকার কর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’-এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন এবং ব্যারিস্টার মনজুর হাসান।