হবিগঞ্জে হামলার অভিযোগের প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ সমাবেশ
হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে আজ (বুধবার) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায় দলটি এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিএনপির নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপি সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।