বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমজাতীয়ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক ও জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক ও জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক ও জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধারকাজ ও সামগ্রিক প্রস্তুতি জোরদার করতে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি এবং একটি 'জাতীয় টাস্কফোর্স' গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মনিটরিং ও জরুরি নির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করা হবে।


বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতি সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সভায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য মোট ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ, তাঁদের আধুনিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম সরবরাহের বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বর্তমানে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি করা হয়েছে এবং বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবক দ্রুত প্রস্তুত করার প্রক্রিয়া চলছে।


এ ছাড়া ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় নিয়ে সারাদেশে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। যেকোনো সম্ভাব্য দুর্যোগে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সুসংহত সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকা শহরে বিশেষ 'মানবিক সহায়তা প্রস্তুতি এলাকা' স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।


উচ্চপর্যায়ের এ বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।