তরুণদের স্বপ্নপূরণে সারথি হয়ে পাশে থাকবে সরকার: মির্জা ফখরুল
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দেখা স্বপ্নের সারথি হয়ে সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বক্তব্যে মন্ত্রী দেশের নতুন পথচলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা ও কার্যক্রমের কারণেই দেশের মানুষ আজ নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং তাঁর কর্মদৃষ্টান্ত পুরো জাতিকে আশান্বিত করেছে।"
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। বর্তমানে কিছু সীমাবদ্ধতা ও সংকট থাকলেও তা অতিক্রম করে একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ সমাজ যে স্বাপ্নিক ও বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা সামনে রেখে এগিয়ে যাচ্ছে, সরকার তা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।