বাউবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান এফ রহমানকে
২৪-এর জুলাই আন্দোলনে ধানমণ্ডিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী মোদ্দাছির হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মাহফুজুল হক গত ২৭ জুলাই সালমান এফ রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। সালমান এফ রহমান এই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি এবং পূর্বে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে তিনি ইতোমধ্যে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকায় আদালত নতুন করে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমণ্ডির ২ নম্বর সড়কের 'ইয়েলো' মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে অংশ নেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোদ্দাছির হোসেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সশস্র হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে এ ঘটনায় তাঁর বাবা মো. আব্দুল হান্নান সরকার (৫৭) বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।