শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমরাজনীতিসরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

সরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
সরকার পুরনো স্বৈরাচারের পথেই হাঁটছে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

বর্তমান সরকার আগের স্বৈরাচারী শাসনের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি এবং স্বাধীন পুলিশ কমিশনও গঠন করেনি। তার দাবি, এসব পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে সরকার সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থাই টিকিয়ে রাখতে চাচ্ছে এবং আগের ব্যবস্থাকেই অব্যাহত রেখেছে।


স্থানীয় সংসদ সদস্যের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, একজন হুইপের দায়িত্ব দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সংশ্লিষ্ট হুইপের অনুসারীরাই প্রকাশ্যে হামলায় জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।


নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপির কোনো নেতা বা কর্মী প্রচলিত আইন লঙ্ঘন করে বক্তব্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে রাজনৈতিক বক্তব্যের বিচার জনগণই ভোটের মাধ্যমে করবে। ছাত্রদল, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর সেই বিচার করার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।


কটূক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সাহস সরকারের নেই বলেও অভিযোগ করেন তিনি।


উল্লেখ্য, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।