শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ইস্যু বিশেষ গুরুত্ব পেতে পারে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করবেন এবং দলীয় অবস্থান নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
সম্প্রতি রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন। এরপর থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।
বিএনপির শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।