শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমজাতীয়তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

favicon
ভোরের আলো ডেস্ক:
তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।


সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, সফরের প্রথম দিন সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সফরের শেষ দিনে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।


কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, চীন, ভারতসহ গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে।


জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ গবেষণা ফেলো মুহাম্মদ সুফিউর রহমান বলেন, নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতেই এই সফর। তার মতে, সফর শেষে সার্জিও গরের মূল্যায়ন ভবিষ্যতে বাংলাদেশ বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।


নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান বলেন, বিশেষ দূত হিসেবে সার্জিও গরের প্রথম বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে সার্জিও গরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা হিসেবে পরিচিত সার্জিও গর ওই দায়িত্ব গ্রহণের পর থেকে ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


চলতি বছরের জানুয়ারিতে তিনি দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন এবং সেখান থেকেই ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন।


বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে সার্জিও গরের এই সফর অর্থনৈতিক অংশীদারিত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আগ্রহেরই প্রতিফলন।