বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮(১) ধারা অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে যুগ্ম সচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষর করেন।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ইশরাক হোসেন ছাড়াও ট্রাস্টি হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
অন্যদিকে, নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। সদস্য হিসেবে রয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী এবং জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্য-সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।