টাঙ্গাইলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ও ভাবখন্ড বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে নকল শিশু প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গুরুতর অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জামুর্কী বাজারের ‘মহন্ত স্টোর’ থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশু প্রসাধনী উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং কেমিক্যাল ব্যবহার করে ল্যাব পরিচালনার অভিযোগে ‘মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ২০ হাজার টাকা এবং ‘জামুর্কী লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলার ভাবখন্ড বাজারে পরিচালিত পৃথক অভিযানে আরও একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু প্রসাধনী জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।