শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমরাজনীতিএনসিপির ওপর হামলায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করলেন নাহিদ ইসলাম

এনসিপির ওপর হামলায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করলেন নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপির ওপর হামলায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করলেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর হামলা চালাচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের হামলার সঙ্গে অতীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার মিল রয়েছে।


বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংস্কার বাস্তবায়নে আগ্রহী নয় এবং দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও দেখতে চায় না। তার দাবি, এ কারণেই বারবার এমন হামলার ঘটনা ঘটছে।


এর আগে সিলেটের গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।


একই অনুষ্ঠানে দলের যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।


এর আগে গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়।


ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।