বাংলাদেশসহ ৫০ দেশের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড বাধ্যতামূলক করার উদ্যোগ
ভ্রমণ শেষে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান বা ‘ওভারস্টে’ রোধে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক ভিসা বন্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
নতুন প্রস্তাব অনুযায়ী, ব্যবসায়িক (বি-১) ও পর্যটন (বি-২) ভিসার আবেদন অনুমোদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর ঝুঁকি বিবেচনা করে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে বলতে পারবেন।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বিধান ৩ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন তালিকায় বাংলাদেশসহ মোট ৫০টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে আফ্রিকার প্রায় ৩০টি দেশও রয়েছে।
এর আগে পরীক্ষামূলকভাবে পরিচালিত ভিসা বন্ড কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা **৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে নতুন প্রস্তাবে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত সময় শেষ হলেও যারা দেশে ফিরে যান না, তাদের সংখ্যা কমানো এবং অভিবাসন নীতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।