আমদানি-রপ্তানি ত্বরান্বিত করতে সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা সমন্বয়ের মাধ্যমে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করবে।
মাহদী আমিনের ভাষ্য, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
বৈঠকে দেশের অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় বিনিয়োগ বাড়ানো, বিদ্যমান জটিলতা দূর করা এবং বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও প্রতিযোগিতামূলক করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মুখপাত্র আরও জানান, সরকার বেসরকারি খাতের জন্য আরও শক্তিশালী নীতিগত সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে তরুণ ও নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরাও বিভিন্ন নীতিগত প্রস্তাবে দ্রুত সিদ্ধান্ত আসায় সন্তোষ প্রকাশ করেছেন।