পুলিশের যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর। এ বিষয়ে দেশের সব পুলিশ ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে মাঠপর্যায়ে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে। এ কারণে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
পুলিশ সদর দফতর বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য না করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি পুলিশের নিয়মিত নিরাপত্তামূলক কার্যক্রমেরই অংশ।