‘সরকার ব্যর্থ হলে দেশে কেউ নিরাপদে থাকতে পারবেন না’ : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের পরিস্থিতি আরও সংকটাপন্ন হবে এবং কেউ নিরাপদে বসবাস করতে পারবেন না।
শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের যতদিন নরম থাকার ছিল, আমরা নরম থেকেছি। এখন আর নরম থাকার সুযোগ নেই। যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে কেউ স্বাভাবিকভাবে বাস করতে পারবেন না। দেশের ইতিহাসে এর চেয়ে আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী আর আসেননি।’
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।
দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত লাখো বাংলাদেশির পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দক্ষ, সুস্থ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে।