রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব স্থায়ী কমিটি তারেক রহমানকে দিয়েছে। স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বিষয়টি নিশ্চিত করেন।
তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।