সোমবার , ০৩ আগস্ট ২০২৬
সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতআহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু

আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।


আহসান উল্লাহ মাস্টার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা ছিলেন। তিনি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।


২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করে। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়। নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একই সঙ্গে আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।


শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। ওই রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এছাড়া সাতজনের সাজা কমানো হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।


হাইকোর্টের রায়ে যাদের মৃত্যুদণ্ড বহাল থাকে তারা হলেন— নূরুল ইসলাম সরকার, নূরুল ইসলাম দীপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ এবং সোহাগ ওরফে সরু। তবে পরে শহীদুল ইসলাম শিপু কারাগারে মারা যান। এছাড়া টিপু ও নূরুল আমিনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।


বর্তমানে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আপিল বিভাগে শুনানি চলছে।