ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৭১ আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসার্নাস) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বাসার্নাস জানায়, **‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’** নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের কাছে জাভা সাগরে পৌঁছালে হঠাৎ ফেরিটিতে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পর ফেরির ক্যাপ্টেন জরুরি বার্তা পাঠালেও কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিতে থাকা মোট ২৭১ জন যাত্রী ও ক্রুর মধ্যে এ পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফেরিটির ওপরের অংশ আগুন ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকে আশ্রয় নেন, আবার অনেকে সমুদ্রে ঝাঁপ দেন।
পরে আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সমুদ্রে ভাসমান যাত্রীদের উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।