মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্র করার আহ্বান তথ্যমন্ত্রীর

সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্র করার আহ্বান তথ্যমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্র করার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি অভিযোগ করেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি প্রবণতা এখনো দেখা যাচ্ছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়।


সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।


মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও মহান স্বাধীনতা যুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।


তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ভোটাধিকারের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে, যা জাতির জন্য আত্মসমালোচনার বিষয়। তবে জনগণের ভোটে গঠিত বর্তমান সংসদ গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের শিক্ষা ধারণ করার পরিবর্তে রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা এবং সামাজিক মাধ্যমে অশালীনতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক।


জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদের শতভাগ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংসদকে আরও কার্যকর করা, বিচার বিভাগের মর্যাদা বৃদ্ধি, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সাংবাদিক নেতা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।