দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
পরিবেশ রক্ষা ও দেশকে পরিচ্ছন্ন রাখতে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; এ কাজে দেশের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সোমবার (৩ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, কয়েক দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের বিভিন্ন সড়ক, হাট-বাজার এবং জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, নিজের ঘর বা বাসার চারপাশে আবর্জনা ছড়িয়ে থাকলে যেমন কেউ স্বস্তি অনুভব করেন না, তেমনি দেশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, সামান্য সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিদিন লাখো মানুষ রাস্তাঘাটে চলাচল করেন। যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনার কারণে যেমন দুর্গন্ধ সৃষ্টি হয়, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়।
দেশের পুকুর, খাল ও জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন এলাকায় সফরের সময় অনেক জলাশয়ের আশপাশে আবর্জনার স্তূপ দেখা যায়, যেখানে একসময় মানুষ অবসর সময় কাটাতেন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পর্যটনকেন্দ্র, পার্ক ও বিনোদনস্থলে ভ্রমণের সময় ব্যবহৃত প্লাস্টিক, খাবারের মোড়ক বা অন্যান্য বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে।