সংঘাত নয়, গণতান্ত্রিক রাজনীতি ও সহনশীলতার আহ্বান জানালেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যে অতীতের রাজনৈতিক ভাষার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এ ধরনের বক্তব্য অতীতেও শোনা গিয়েছিল এবং এখন একই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালেও আওয়ামী লীগ সরকারকে শান্তিতে কাজ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। বর্তমানেও বিরোধী দলের কিছু বক্তব্যে একই ধরনের রাজনৈতিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী নয়। বরং দলটি স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোট-সংক্রান্ত একটি প্রশ্নে তারা একমত নয় এবং সেই অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে।
রাজপথে আন্দোলনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত এবং কোনোভাবেই তা সংঘাত বা অস্থিতিশীলতার দিকে যাওয়া উচিত নয়।
সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন। এ অবস্থায় শুধুমাত্র নেতিবাচক প্রচারণা না চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি সংঘাতের পরিবর্তে সহনশীলতা, সংলাপ এবং জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসও দেন।