বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা, গণশুনানির দাবি
বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন ড. তাসনিম জারা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্রাহকদের অভিযোগ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান এবং গণশুনানির মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।
নিজের পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাসনিম জারা লেখেন, জনগণের অভিযোগের জবাবে হুমকিমূলক মনোভাব গ্রহণ না করে দায়িত্বশীল আচরণ করা উচিত। তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব জনগণের সেবা করা এবং সেই মানসিকতাই প্রতিফলিত হওয়া প্রয়োজন।
তিনি দাবি করেন, তার পরিচিত অনেকেই জানিয়েছেন যে আগের তুলনায় তাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযোগকারীদের অধিকাংশই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই।
তাসনিম জারা আরও উল্লেখ করেন, বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়া এলাকার বিভিন্ন কমিউনিটি গ্রুপেও একই ধরনের অভিযোগ ব্যাপকভাবে উঠে এসেছে। তিনি বলেন, যখন মানুষ নিত্যপ্রয়োজনীয় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন অভিযোগের জবাবে হুমকি নয়, বরং স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্রাহকদের উদ্দেশে দেওয়া হুমকিমূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি গণশুনানির আয়োজন করে সরাসরি গ্রাহকদের সঙ্গে আলোচনা এবং বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণ স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানান তিনি।