জুলাই গণ-অভ্যুত্থান মামলা: ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ যুক্তিতর্ক
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ (মঙ্গলবার) যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এ মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে, গত ২ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন।
সর্বশেষ শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন। একই দিনে আসামিপক্ষ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করলে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং জেরা শেষে মামলাটি এখন যুক্তিতর্ক পর্বে পৌঁছেছে, যা বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।