বাংলাদেশ-সৌদি বৈঠকে রোহিঙ্গা, জনশক্তি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা
দুই দিনের সফরে ঢাকায় অবস্থানরত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আলোচনায় রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত জানায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গেও তিনি বৈঠক করবেন।
উল্লেখ্য, সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি সোমবার রাতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।