বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালত৭ মাসের শিশুর দায়িত্ব কিশোরী মায়ের কাছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ

৭ মাসের শিশুর দায়িত্ব কিশোরী মায়ের কাছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ

favicon
ভোরের আলো ডেস্ক:
৭ মাসের শিশুর দায়িত্ব কিশোরী মায়ের কাছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করার পরামর্শ

ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার সাত মাস বয়সী শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড।


মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুর অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।


শুনানি শেষে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, প্রচলিত আইন অনুযায়ী আপাতত সাত মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেই আদালতই দেবেন।


তিনি আরও জানান, শুনানিতে কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উভয় পক্ষকে আইন মেনে চলা এবং শিশুর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুর স্থায়ী অভিভাবকত্ব নিয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা বহাল থাকবে।


সম্প্রতি ১৩ বছর বয়সী এই কিশোরী মা ও তার শিশুকে ঘিরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ অনুযায়ী, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে প্রলোভন দেখিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করা হয়। পরে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়।


পরবর্তীতে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এরপর শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এই শুনানির আয়োজন করা হয়। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট পারিবারিক আদালতের রায়ের ওপর নির্ভর করবে।