বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়জাল সিল-স্বাক্ষরে তদবির ও প্রতারণা, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

জাল সিল-স্বাক্ষরে তদবির ও প্রতারণা, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
জাল সিল-স্বাক্ষরে তদবির ও প্রতারণা, চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে জাল সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড তৈরি করে তদবির-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (৪ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি এবং কুষ্টিয়া মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) এবং মো. বকুল মণ্ডল (৩৫)।


অভিযানকালে তাদের কাছ থেকে ৪১টি জাল সরকারি সিল, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের নামে ব্যবহৃত চার বান্ডিল লেটারহেড, দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


ডিবি জানিয়েছে, চক্রটির মূল হোতা ফারুক হোসেন ২০০৬ সালে প্রকল্পভিত্তিক ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালে চাকরিচ্যুত হওয়ার পর চাকরি পুনর্বহালের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথম জাল নথি, সিল ও স্বাক্ষর ব্যবহারের আশ্রয় নেন।


তদন্তে জানা গেছে, পরে তিনি একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে বিভিন্ন সরকারি দপ্তরের নামে জাল সুপারিশপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে তদবির-বাণিজ্য ও প্রতারণা চালিয়ে আসছিলেন।


ডিবির দাবি, চক্রটি বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও জাল সুপারিশপত্র ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছে। বিশেষ করে মলদোভায় জনশক্তি পাঠানোর প্রক্রিয়ায় ভুয়া সরকারি নথি ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছিল।


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করে চক্রটির কার্যক্রমের পরিধি, সম্ভাব্য সহযোগী এবং প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়ে আরও তদন্ত চলছে।