বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্র হবে না: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনে প্রধানমন্ত্রী
বাংলাদেশ আর কখনো কোনো দেশের তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের সাহসী ইতিহাস তুলে ধরবে। একই সঙ্গে এটি স্বৈরাচারী শাসনের বিভিন্ন দিক এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের স্মারক হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাদুঘরটি শুধু ২০২৪ সালের ঘটনাবলির স্মৃতিই সংরক্ষণ করবে না; বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বও তুলে ধরবে।
তিনি জানান, আন্দোলনে হতাহত ব্যক্তিদের ঘটনাগুলোর বিচার আইন অনুযায়ী স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, গত ১৭ বছরে এবং জুলাই আন্দোলনে শহীদ ও গুম-খুনের শিকার ব্যক্তিদের স্মরণে তাদের নিজ নিজ এলাকায় অন্তত একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের প্রয়োজন অনুযায়ী থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়াসহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া তিনি জানান, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবে প্রদান করা হচ্ছে।