মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ নেতা গ্রেপ্তার
নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া অন্য নেতারা হলেন—সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।
পুলিশ জানায়, বাবুল সরকার নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন অভিযুক্তরা।
এজাহার অনুযায়ী, রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়। এতে আয়াসসহ কয়েকজন আহত হন এবং গুরুতর আহত অবস্থায় আয়াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
প্রায় তিন ঘণ্টা হাসপাতালে অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে রাত ১১টা ১০ মিনিটের দিকে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।