প্রয়োজনে আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল
সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে ঐক্য বজায় থাকবে। প্রয়োজনে তিনি নিজেও আবার রাজপথে নামবেন বলে মন্তব্য করেছেন।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল লেখেন, **“নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব।”**
পোস্টে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে দলটির ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে দলটি জনরোষের মুখে একাধিকবার ক্ষমতাচ্যুত হয়েছে উল্লেখ করে এর কারণ নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মত দেন।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা বা অনুশোচনার জায়গা নেই এবং এই মানসিকতাই দলটিকে দীর্ঘ সময় নানা অনিয়ম ও দমন-পীড়নের পথে পরিচালিত করেছে।
একই সঙ্গে আসিফ নজরুল বলেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে। তবে তার মতে, আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ ও সীমাহীন অনাচারের প্রবণতা অন্য কোনো দলে দেখা যায়নি।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কেউ আনন্দ প্রকাশ করতে পারেন, তবে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা মৃত্যুভয় জয় করেই বেঁচে আছি। যতদিন বেঁচে থাকব, বাংলাদেশের শিশু ও তরুণদের বুকে গুলি চালানোর অভিযোগে অভিযুক্তদের ভয় করব না, ক্ষমাও করব না। জুলাই আমাদের পুনর্জন্মের নাম।”