ডিসেম্বরে দেশে আসার প্রচারণার জবাবে মন্তব্য করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে প্রচারণা চলছে, সে বিষয়ে তিনি বলেছেন, “তারা নাকি ডিসেম্বরে আসবে। আসেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে।”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে অনুশোচনার অভাব রয়েছে। তার ভাষায়, বিভিন্ন অভিযোগের বিষয়ে দলটির আত্মসমালোচনা করা উচিত ছিল।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, যারা আহত হয়েছেন বা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির শিকার হয়েছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করছে এবং এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মেরাজ, এলেম, তাইম, নাইমা, শিশু রিয়া গোপ, আহাদসহ সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন।
নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চান।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনগণের উদ্দেশে তিনি বলেন, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সংযম, প্রজ্ঞা ও ঐক্যের পরিচয় দিতে হবে। পাশাপাশি বিভাজন, বিদ্বেষ ও সংকীর্ণ স্বার্থ থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।