বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমজাতীয়বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কখনো কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা নির্ভরশীল রাষ্ট্র হবে না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির পুনঃপ্রতিষ্ঠা।


বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। তার ভাষায়, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি **‘বাংলাদেশ ফার্স্ট’**।


দুই বছর আগের পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, বিদেশে অবস্থানকালে শিশু-কিশোরদের প্রাণহানি, দমন-পীড়ন এবং দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি দাবি করেন, সে সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মহলে তুলে ধরা হয়েছিল, যা সহিংসতা কমাতে এবং রাজনৈতিক পরিবর্তনের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল।


অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, সে সময় প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা সাম্প্রতিক নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন এবং এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে।


কূটনৈতিক অগ্রগতির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজের অবস্থান শক্তিশালী করছে। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয় দেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।


অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের ভূমিকাও তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তাদের অবদান গুরুত্বপূর্ণ। ভালোবাসা, মেধা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।