বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতহত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড

হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুস সোবহান কাজীর ৫ দিনের রিমান্ড

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহসভাপতি ও ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা ওয়ারী বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।


মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আল আমিন খলিফা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। পরে আদালতের নির্দেশে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।


তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনা এবং পলাতক কয়েকজন অভিযুক্ত সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে সঠিক পরিচয় না পাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং ঘটনার বিষয়ে আরও তথ্য উদ্‌ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


এর আগে ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন এবং তার নামে ইস্যুকৃত পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।