লাহোরসহ ৯ শহরে ভারতের ড্রোন হামলা, নিহত ১৩
ভারতের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের লাহোরসহ ৯টি শহরে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে, কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণে ভারতের এক সেনাসদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ মে) রাতে পাঞ্জাব প্রদেশের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটে। এরপর এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সারা রাত ব্যাপক গোলাগুলি চলে—যেখানে হালকা অস্ত্র ছাড়াও কামান ব্যবহৃত হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।
এই ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিহতদের প্রতিটি রক্তবিন্দুর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক সর্বদলীয় বৈঠক করেন। এতে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সংঘাতের কৌশল, নিরাপত্তা প্রস্তুতি ও প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।