ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তে ট্রাম্পের বৈঠক, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অনড় তেহরান
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে অংশ নিচ্ছেন।
ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হলে ইরানকে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনও পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উভয় পক্ষের জন্য অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে এবং সেখানে স্থাপিত সব মাইন অপসারণ করতে হবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহারে প্রস্তুত রয়েছে। এর ফলে সেখানে আটকে থাকা জাহাজগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সুযোগ দিতে হবে, যাতে তা ধ্বংস করা যায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো অর্থনৈতিক লেনদেন হবে না।
ট্রাম্পের দাবি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
তবে ইরান এই বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ইরান বর্তমানে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানোর দিকেই মনোযোগ দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে না।
ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও পারমাণবিক ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো স্পষ্ট ব্যবধান রয়ে গেছে।